আ.লীগের আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনা জমার সময় বাড়লো

চতুর্থ শিল্পবিপ্লব (ফোরআইআর) নিয়ে আগামী ৪-৫ নভেম্বর আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’ প্রতিপাদ্য নিয়ে সম্মেলনটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) হবে। এতে গবেষণাপত্র উপস্থাপনা আপলোড এবং অর্থপ্রদানের সময়সীমা ২৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

কমিটির ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়, উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্পবিপ্লব-২০২২ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্রেজেন্টেশন আপলোড ও পেমেন্টসের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্বের প্রচুর শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজনের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আইইবি সদর দফতরের শহীদ প্রকৌশলী ভবনে হবে সভাটি। এতে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুর।

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে শিক্ষাপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও ইমার্জিং টেকনোলজিসহ বেশ কিছু বিষয়ে চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত গবেষণাপত্র জমা পড়ছে। আগ্রহীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে গবেষণার বিষয়বস্তু ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। জমা পড়া গবেষণাপত্রগুলো যাচাই-বাছাই শেষে নির্বাচিত গবেষকদের তালিকা প্রকাশ করা হয়। গবেষণাপত্র উপস্থাপনের জন্য ২৫ অক্টোবর চূড়ান্তভাবে জমা দেওয়ার কথা বলা হয়েছিল।

এ ছাড়া সম্মেলনে শিক্ষার্থীদের পোস্টার ডিজাইন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়। জমা পড়া পোস্টারগুলো থেকে বাছাইকৃতগুলো ২৫ অক্টোবর নাগাদ চূড়ান্তভাবে জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। সম্মেলনে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ এবং ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।