২২তম জাতীয় সম্মেলনে ট্রাফিক নির্দেশ মেনে চলার আহ্বান আ.লীগের  

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শনিবার (২৪ ডিসেম্বর)। এ উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা নিয়েছে। তা মেনে চলার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নির্দেশনা অনুযায়ী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের (বিশেষ দাওয়াত কার্ডধারী), বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধি, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সংলগ্ন অথবা ‘শিখা চিরন্তন’ গেট দিয়ে প্রবেশ করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে কোনও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সবার ব্যক্তিগত গাড়ি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী সব কাউন্সিলর, ডেলিগেট ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমি, রমনা কালী মন্দির, টিএসসি ও চারুকলা অনুষদ সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির এই নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।