দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত মিথ্যাচার ও অপপ্রচার করছে দাবি করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, মিথ্যা ও অপরাজনীতির ওপর ভর করে তারা আমাদের সাধারণ মানুষকে আবারও শিকার বানানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তারা অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চাচ্ছে। এর বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের সোচ্চার হতে হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর নতুন বাজারে ঢাকা মহানগরে আসনভিত্তিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে' ৫ দিনের কমসূচি পালন করে যুবলীগ, যার শেষ দিন ছিল আজ বুধবার।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি-জামায়াত সম্প্রতি পদযাত্রার নামে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও প্রতিহিংসামূলক রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। এটা তাদের পুরনো চরিত্র। যখনই বিএনপি-জামায়াত মাঠে নামে, তখনই এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে অপরাজনীতি করার চেষ্টা করে। দেশের সাধারণ মানুষকে তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে এবং নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা প্রচারণার মাধ্যমে শিকার বানানোর চেষ্টা করে। সেই প্রচেষ্টা এখনও বিদ্যমান।’
তিনি আরও বলেন, ‘যুবলীগের নেতাকর্মীদের প্রধান কাজ হচ্ছে— এখন মাঠে থেকে জনগণকে নিরাপত্তা দেওয়া, জনগণের পাশে থাকা। তারা যেন সাধারণ মানুষকে আর ভিকটিম বানাতে না পারে। আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এদেশের খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের পাশে থাকবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবলীগ উত্তর-দক্ষিণের নেতারা।