আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে। নতুন করে কিছু বলার নেই। সময় এলে ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের তিনি এই কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
বিদ্রোহী প্রার্থীদের আবারও ক্ষমা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও নমিনেশন পেপারই সাবমিট হয় নাই। সময় আসুক, সময় এলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কি-না? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন সংশয়ের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা দেশে বিরল ঘটনা। তিনি মনে প্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম, সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তাঁর সম্পর্কে আমি এটুকু বলতে চাই, বাকিটা তার কর্মের দ্বারা তিনি প্রমাণ করবেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও বাংলাদেশের রাজনীতিকে নখের আঘাতে জর্জরিত করছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে এই লড়াই অব্যাহত থাকবে।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনিবাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।