শেখ হাসিনা শ্রমিকদের নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে বাংলাদেশে দুঃশাসন চালিয়েছে। ক্লিন হার্ট অপারেশন নামে তারা ৯২ জনকে হত্যা করেছিল। আজ শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে শ্রমিকদের নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন।

সোমবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয় শ্রমিক লীগের কর্মসূচিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

শেখ ফজলে নূর তাপস বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত গার্মেন্টস শিল্পের শ্রমিকেরা আন্দোলন করেছিল। তাদের উপর নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। আর শেখ হাসিনা গার্মেন্টস শ্রমিকদের দুই দফা বেতন বৃদ্ধি করে তাদের ন্যায্য দাবি আদায় করেছিলেন। এভাবে শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন।

তিনি বলেন, ২০০১ সালে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপি জয়ী হয়ে ২০০২ সালে শ্রমিকবিরোধী, জনগণবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। আদমজী জুট মিল বন্ধ করে দিয়ে শ্রমিকদের জীবন ধ্বংসে বিএনপি-জামায়াত সরকার লিপ্ত হয়েছিল।

মেয়র তাপস বলেন, 'আদমজী জুট মিল শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ পাটকল ছিল, জুটমিল ছিল। সেই জুট মিল থেকে ২০০২ সালে ৩০ হাজার শ্রমিককে ঘরছাড়া করে বিএনপি-জামায়াত জোট সরকার। সেদিনের সেই শ্রমিকদের কান্না আজকেও আমরা শুনতে পাই।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।