অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ওপর কোনও হস্তক্ষেপ করা হবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। বিদেশি পরিদর্শক দেশে এসে তা দেখে প্রশংসাও করেছেন।
শনিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ।
কামরুল ইসলাম বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আসতে চায়। অথচ আমরা দেখেছি তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কীভাবে দুই বছর ক্ষমতায় ছিল, কীভাবে তারা অনাচার চালিয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অজুহাতে ছলে-বলে-কৌশলে ক্ষমতায় আসতে চায়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতিচারণা করে তিনি বলেন, আহসান উল্লাহ মাস্টার যখন শ্রমিক লীগের নেতা ছিলেন, সে সময়টা ছিল শ্রমিক লীগের সবচেয়ে উজ্জ্বলতম সময়। এই দিনে আমার প্রত্যাশা থাকবে, শ্রমিক লীগ আবার যেন স্বমহিমায় ফিরে আসে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।