গণতন্ত্রকে ধ্বংস করতে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি-জামায়াত: নাছিম

বিএনপি-জামায়াতকে ‘অশুভ শক্তি’ আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারা আবারও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এই গোষ্ঠী দেশের সমৃদ্ধি বিনষ্ট করতে চায়। গণতন্ত্রকে ধ্বংস করতে তারা ষড়যন্ত্রের রাজনীতির পথে এখনও হাঁটছে। আমরা আর দেশের কোনও ক্ষতি করতে দেবো না।

শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে বিশ্বাস করি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে এ দেশের প্রতিটি মেহনতি মানুষের অধিকার লড়াইয়ের জন্য কাজ করি। কোনও অশুভ ও সাম্প্রদায়িক শক্তির কাছে প্রিয় মাতৃভূমিকে তুলে দেবো না।’

গণতান্ত্রিক ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা ঠিক এ সময় আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছি। সারা বিশ্ব যখন অর্থনৈতিক ঝুঁকিতে আমরা তখনও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ঠিক এ সময় একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র শুরু করেছে।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি আর করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানিত। বিশ্বের অনেক বড় বড় নেতারা বাংলাদেশকে সম্মান করে। এই এগিয়ে যাওয়ার পথ থেকে কেউ আমাদের বিচ্যুত করতে পারবে না।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সংগঠনটির জাতীয় কমিটি, জেলা-মহানগরসহ ৭৯টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।