ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে ৩ জুন (শনিবার), চলবে ৬ জুন (মঙ্গলবার) পর্যন্ত। একই সঙ্গে ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদেও দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি।
বৃহস্পতিবার (১ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে চলবে এই কার্যক্রম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার মধ্যে ফরম জমা দিতে হবে।