বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্যকে বিবেচনায় রেখে ক্যাম্পাস, শহর-নগরকে স্মার্ট-পরিষ্কার-স্বাস্থ্যকর হিসেবে গড়তে তুলতে ‘গ্রিন উইক’ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে এই গ্রিন উইকের উদ্বোধন ঘোষণা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতসহ বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।
বৃক্ষ রোপণ উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। দেশব্যাপী এই আয়োজনে সপ্তাহজুড়ে পাঁচটি কর্মসূচি পালন করবে সংগঠনটি।
কর্মসূচিগুলো হলো– কেন্দ্রীয় কর্মসূচি: বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ, অনাবাদি জমিতে চাষাবাদ ও ছাদকৃষি, শব্দ-বায়ু-পানি দূষণ রোধে সচেতনতামূলক প্রচারণা, পরিবেশ রক্ষায় শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এর আগে, সকাল ১০টায় কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চারুকলা অনুষদে বৃক্ষ রোপণ করা হয়।