মানুষ স্বস্তিতে আছে বলেই মির্জা ফখরুলের মন ভালো নেই: ওবায়দুল কাদের

দেশের মানুষ স্বস্তিতে আছে, এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৩ জুলাই) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, মানুষ শান্তিতে আছে-আনন্দে আছে, নাকি বিরোধী দলের ভাষায় মানুষ কষ্টে আছে? মানুষ আনন্দে থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল কষ্ট পাচ্ছে। মানুষ স্বস্তিতে আছে, আমি বলবো না খুব ভালো আছে। মানুষ স্বস্তিতে আছে মির্জা ফখরুল ইসলামের জন্য এটা অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।

তিনি বলেন, আমি তাকে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) শুধু একটা কথা বলবো। সারা বিশ্বের কথা নাইবা বললাম। আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনও পর্যায়ে যায়নি। জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বাইরের খবর জানেন না। আশপাশের দেশগুলোতে তাকে ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করি। তাহলে যদি সত্য কথাটা বলেন।

কাদের বলেন, এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজ বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্যে আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।

বাংলাদেশে কোনও সংকট ছিল না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের এখানেই কোনও সংকট ছিল না। আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে ছিল। তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি আপনি এইসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন, যখন বলছেন যে এবারের ঈদে মানুষের কোনও আনন্দ ছিল না, আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানি হয়েছে এটার হিসেব কি উনার কাছে আছে? ৫১ লাখ বেশি কোরবানি হয়েছে।

টোল আদায়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, এবার পদ্মা সেতুর কথা যদি বলি। পদ্মা সেতুতে আমাদের দিনে টোল আদায় হতো ১ কোটি ২০ থেকে ৩০ লাখ টাকা। এবারে ঈদের আগের দিন আমাদের পদ্মা সেতুতে টোল আদায় হয়েছেন চার কোটি ৫৫ লাখ টাকা। মানুষ কি আনন্দে বাড়ি গেছে নাকি বিষণ্ন চিত্তে বাড়ি গেছে? এর প্রমাণ এখানেই। আজ বঙ্গবন্ধু সেতুতে সেখানেও ৩ কোটি ৫৫ লাখ একদিনে টোল আদায় হয়েছে। এত টাকা টোল কোথা থেকে এলো? মানুষই তো দিয়েছে। আজ পশু কোরবানির চিত্রটা দেখুন, টোল আদায়ের চিত্রটা দেখুন।