প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না, মুখে এমন কথা বললেও গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (৮ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে অপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। বিদেশিরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা বাস্তবায়নে সরকারও বদ্ধপরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে মাধ্যমেই হবে।
তিনি আরও বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে আগামী নির্বাচনে ভোটারদের ঢাকা-১ আসন প্রধামন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় সংসদ সদস্য হিসেবে মানুষের বিভিন্ন বিষয়ে কথা শোনেন সালমান ফজলুর রহমান। এ সময় তিনি দোহারের আল আমিনবাজারে সাতটি সেতু ও বিলাসপুরে দুটি সেতু উদ্বোধন করেন।
সূত্র: বাসস