বিএনপিকে অনুসরণ করছি না: যুবলীগ সাধারণ সম্পাদক

বিএনপিকে অনুসরণ করছেন না জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি একটি দেশ ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী দল। বিএনপির দেখাদেখি মুক্তিযুদ্ধের পক্ষের দল কর্মসূচি দেবে–এটা আমরা বিশ্বাস করি না, দেশবাসীও বিশ্বাস করে না। তাদের অন্যায়-অত্যাচার-জুলুম থেকে জনগণকে রক্ষার জন্য আমাদের এই কর্মসূচি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ নিয়ে তিন সংগঠনের পক্ষে যৌথ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে সহিংসতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিএনপিকে অনুসরণ করছি না, তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য মাঠে থাকছি না। আমরা মাঠে থাকছি বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। পৃথিবীর সব দেশেই রাজনৈতিক কর্মকাণ্ড সহাবস্থানে হয়ে থাকে। এখানে বাধা কোথায়?’

তিনি বলেন, ‘তরুণ সমাজকে ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান। তার ছেলে তারেক রহমান তরুণ-ছাত্র সমাজকে ধ্বংস করেছেন। তিনি আবার লন্ডনে বসে যুব সমাজকে ধ্বংসের চেষ্টা করছেন। তারুণ্যের সমাবেশের নামে তারা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় হত্যা করছেন।’

বাংলার মাটিতে বিএনপি-জামায়াতকে আর স্থান দেওয়া হবে না উল্লেখ করে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘সমাবেশে যোগ দেবে স্বাধীনতাপ্রেমী মানুষ। সব শ্রেণি-পেশার মানুষ আসবে। আমরা ঐক্যবদ্ধ। সবসময় মাঠে ছিলাম, থাকবো। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা সর্বদা প্রস্তুত।’

তিনি বলেন, ‘অনুমতি পাওয়ার পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের প্রস্তুতি শুরু হবে। মুক্তিযুদ্ধের পক্ষের, অসাম্প্রদায়িক চেতনার মানুষদের শুক্রবারের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘সারা দেশের নেতাকর্মীরা যোগ দেবেন। তরুণ সমাজের ঢল নামবে। লোকের হিসাব মেলাতে পারবেন না।’