ডেঙ্গু প্রতিরোধে যুবলীগের ওয়ার্ডভিত্তিক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে সব মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় সপ্তাহব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।

রবিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ৪ থেকে ১১ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে ঘোষিত কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সচেতনতামূলক লিফলেট বিতরণ, যার নমুনা কেন্দ্রীয় দফতর শাখা থেকে সংগ্রহ করতে হবে; মশারি বিতরণ; ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সব মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো; ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য রক্ত দান কর্মসূচি।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে, চিকিৎসকদের সমন্বয়ে কেন্দ্র এবং সব মহানগর ও জেলায় মেডিক্যাল টিম গঠন করা; ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশের সব মহানগর ও জেলাগুলোতে একটি হটলাইন চালু করা (এই হটলাইনটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত সেবা ও রক্তদান কার্যক্রমে সহায়তা করবে); সতেচনতামূলক বিলবোর্ড, ফেস্টুন, ই-পোস্টার প্রকাশ ও প্রচার।