বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন খালেদা জিয়া।
সম্প্রতি প্রধানমন্ত্রী দাবি করেন, গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের সব তথ্য তার কাছে আছে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য তুলে ধরে খালেদা জিয়া বলেন, ‘এসব হত্যাকাণ্ড পরিকল্পিত এবং আওয়ামী লীগের লোকজনই জড়িত। সে জন্যই হাসিনা সব জানেন। তারা অপরাধীদের দেখেও ধরেন না। হত্যাকারীদের দেশের বাইরে পাঠিয়ে দিয়ে এখন বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে।’
তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে কিনা বলা মুশকিল।’
খালেদা জিয়া প্রশ্ন করেন, ‘সত্যিকার অর্থে তারা (ক্ষমতাসীনরা) দেশ শাসন করছে, নাকি তাদের পেছনে অন্য কেউ কাজ করছে?’
বিএনপি চেয়ারপারসন আরও বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচার আল্লাহ তায়ালা সহ্য করবে না। আওয়ামী লীগের শেষ পরিণতি দেখার জন্য মানুষ অপেক্ষা করছে। অস্ত্র এবং সংঘাত নয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন এগিয়ে নিয়ে নির্বাচনে যাবো। সেই নির্বচন হবে নিরপেক্ষ সরকারের অধীনেই।’
এ সময় খালেদা জিয়া গুপ্তহত্যাকে কেন্দ্র করে হাজার হাজার নীরিহ মানুষকে গ্রেফতারের প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান টিআই ফজলে রাব্বীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার মাহফিলে ২০ দলের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
/এনএস/এজে