কারাগারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে এম এ মান্নান পরিষদ।
রুহুল কবির রিজভী বলেন, ‘সমাবেশ করতে পুলিশের অনুমতি লাগে। কিন্তু পুলিশ তো আপনার (হাসিনার) আজ্ঞাবহ। পুলিশ মিছিল দেখলেই গুলি করে। তারা রক্তাক্ত লাশের মধ্যে দিয়েই আপনাকে টিকিয়ে রাখার চেষ্টা করে চলেছে।’ তিনি আরও বলেন, ‘হায় স্বাধীনতা! আজকে পুলিশের কাছে গণতন্ত্র বন্দি। তারপরও বলছি, বিএনপিকে জাতীয় বিপ্লব ও স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশ করার অনুমতি দিন।’
বিএনপর এই যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। যারা সেদিন নানা চক্রান্ত্র ষড়যন্ত্র করে বিজয় অর্জন করতে পারেননি, রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে যারা ব্যর্থ হয়েছেন, তারাই আজ প্রতিহিংসার বশবর্তী হয়ে মান্নানের মতো জননন্দিত নেতাকে কারাবন্দি করে রেখেছে।’
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/