দেশে নির্বাচন নেই, আছে নির্বাচনি প্রকল্প: আমির খসরু

আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে এখন আর নির্বাচন নেই, আছে নির্বাচনি প্রকল্প। আর এই প্রকল্পের কাজ হচ্ছে ক্ষমতাসীনদের জোর করে জিতিইয়ে দেওয়া।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের ৪৫ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ নামক একটি সংগঠন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের দিকে দেশের মানুষ তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে জনগণ তাদের ভোটটি সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কি না শঙ্কায় আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীনদের শাসন আমলে আমরা শুধু গণতন্ত্র হারায়নি। হারিয়েছি নাগরিক ও ভোটের অধিকার এদের ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী হলে আস্তে আস্তে সব হারাতে হবে।’

সরকার প্রপাগান্ডার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার বাংলাদেশকে এখনও প্রপাগান্ডার পর্যায়ে রয়েছে। যে দিন শেষ হবে সেদিন থেকে এদেশের ইতিহাস নতুন করে শুরু হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হোসেন রাজু প্রমুখ।

 /আরএআর/এসটি/