নিরপেক্ষ ইসি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

 

রুহুল কবির রিজভীনির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে আশাবাদ প্রকাশ করেছেন, তার প্রতিফলন ঘটলে জনগণ তাকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,  ‘বর্তমান গণতন্ত্রহীন দেশে যেভাবে রক্তাক্ত পন্থায় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, তাতে একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ছাড়া আগামী দিনে কোনও নির্বাচন যে সুষ্ঠু হবে না। এটি দেশের জনগণও দৃঢ়ভাবে বিশ্বাস করে।’ বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আশাবাদের বাস্তব প্রতিফলন ঘটলে দেশের প্রতিটি মানুষ সেটিকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাবে।  বিএনপিও দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সেটিকে স্বাগত জানাবে।’ তিনি বলেন, ‘সব ভয় ও আর্তনাদকে উপেক্ষা করে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি দৃঢ় পদে এগিয়ে যাবে।’

৫ জানুয়ারির দলীয় কর্মসূচি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি সারাদেশের জেলা ও মহানগরগুলোতে কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে। বিএনপি ৭ জানুয়ারি একটি সমাবেশ করতে চায়, তবে এখনও প্রশাসনের অনুমতি মেলেনি।’  তিনি বলেন, ‘আগামীকাল ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস। এদিনে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে পরাধীন করা হয়েছে। স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ও ইচ্ছাকে ধ্বংস করা হয়েছে। আর এটি করার মাধ্যমে মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা গণতন্ত্র, সেটিকে গলাটিপে হত্যা করা হয়েছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ‍দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/