প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ নেওয়ার পালা শুরু: রিজভী

সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভীপ্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ নেওয়ার পালা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার নয়াপল্টনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন,‘আজ (শুক্রবার) গণমাধ্যমে খবর বেরিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আয়-ব্যয়ের তদন্ত শুরু করেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রী-এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে সবমহলে যখন সমালোচনার ঝড় উঠেছে ঠিক তখনই আয়-ব্যয়ের এ তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হলো বলে সবাই মনে করছে।’
তিনি আরও বলেন,সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে সরকার। প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। ঠিক যেভাবে বিরোধী দলকে হেনস্থা ও হয়রানি করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের নামে দুদক এবং এনবিআরকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে কার্যক্রম চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলন
বিএনপি নেতা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেশের সর্বোচ্চ আদালত যে পর্যবেক্ষণগুলো দিয়েছেন তা রায়েরই অংশ। কিন্তু ক্ষমতাসীনরা হুমকির মুখে রায়টি বাতিল করতে চাচ্ছে। দুঃশাসনের প্রকোপে আইনের শাসন অদৃশ্য হয়। ক্ষমতাসীনরা নৈতিকভাবে পরাজিত। সেজন্য মাংশপেশীর ওপর তারা নির্ভর করতে চাচ্ছে।
রিজভী বলেন, এই রায়ের পর্যবেক্ষণে যেহেতু পার্লামেন্টকে অপরিপক্ক ও অকার্যকর বলা হয়েছে,সেহেতু বর্তমান সংসদ অবৈধ এবং সেজন্য সরকারও বেআইনি।