মানুষ জালেম সরকার থেকে রেহাই পেতে দোয়া করছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবর্তমানে দেশের অবস্থা ১৯৭২-৭৫ সালের মতো উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তখন মানুষ হাত তুলে দোয়া করেছিল মুক্তি পেতে। এখন আবার মানুষ দোয়া করছে এই জালেম সরকার থেকে রেহাই পেতে।’ সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা কঠিন সময় অতিক্রম করছি। পাথরের মতো এই সরকার চেপে বসে আছে। এই পাথর সরাতে হবে। আপনারা (নেতাকর্মীরা) অলিতে-গলিতে, ওয়ার্ডে-ওয়ার্ডে ছড়িয়ে যান। বসে বসে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম স্লোগান দিলে হবে না। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে পারলে আর তারেক রহমানকে দেশে ফেরাতে পারলে তবেই সফলতা আসবে।’
আন্দোলনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে সংগঠন সৃষ্টি করে আন্দোলন করতে হবে।’
ফখরুল বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু বলেছিলেন- সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আজও একই অবস্থা। শাহবাগ থেকে উত্তরা যেতে লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। খুব ভালো রাস্তা নাকি তারা বানিয়েছে! যে রাস্তায় চলা যায় না। যদি উত্তরবঙ্গ, চট্টগ্রাম বা বরিশাল যেতে চান, রাস্তায় যেতে পারবেন না। খানা-খন্দে বোঝাই হয়ে গেছে।’

তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-বিএনপি। মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ প্রমুখ।