বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় বৃহস্পতিবারের (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই গুলশানে থমথমে পরিবেশ বিরাজ করছে। গুলশানের ৮৬/৮৭ নম্বর রোডের উভয় পাশ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ পরপরই খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল চলছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় এখানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও মহল যেন নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এদিকে, বুধবার বিকেল ৫ টা ৬ মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে আসার পর থেকে এখনও কার্যালয়েই অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্যরাও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অবস্থান করছেন।
সন্ধ্যা সাতটার কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ত্যাগ করেছেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বের হয়ে যাওয়ার সময় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের সংবাদ সম্মেলেন খালেদা জিয়ার বক্তব্যের আবেদন ভালো ছিল।’
গুলশান কার্যালয়ের আশেপাশে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। পাশাপাশি উপস্থিত রয়েছেন গণমাধ্যকর্মীরাও।
খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, কার্যালয় থেকে বাসার উদ্দেশে যাবেন খালেদা জিয়া। তবে কখন যাবেন, তা এখনও নিশ্চিত নয়।