রায়ের কপি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে সরকার: মির্জা ফখরুল

খালেদা জিয়ার মামলার রায়ের কপি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুলকার্যালয়ে দলীয় আইনজীবীদের সঙ্গে আলোচনার একপর্যায়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আইনজীবীরাও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে অংশ নেবে। রায়ের সার্টিফাইড কপি দিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে ধুম্রজাল সৃষ্টি করছে সরকার।’ ‘যা আইনের লঙ্ঘন’, বলেও উল্লেখ করেন বিএনপি নেতা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনের সাজাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক শুক্রবার বিকেল সোয়া ৫টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মীর নাসির, নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ।