গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সরকারের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ‘জনগণের ওপর নির্মম শোষণ চালিয়ে সরকারের লোকদের অবৈধ অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে।’
রিজভী বলেন, ‘‘বর্তমান ‘অবৈধ’ সরকার জনগণের জীবন-জীবিকায় আঘাত হানার উদ্দেশ্যেই ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। আওয়ামী সরকার জনগণের সমর্থনপ্রত্যাশী নয় বলেই তারা জনগণের ভালো-মন্দ বিচার করে না। জনগণকে শোষণই তাদের শাসনের একমাত্র লক্ষ্য।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। তাকেব চিকিৎসা না দিয়ে তাঁকে নিঃশেষ করে দেওয়ার জন্য সরকার গভীর ষড়যন্ত্র করছে। জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে। যেকোনও মুহূর্তে জনতার ঢেউ রাস্তায় উত্তাল হয়ে উঠবে।’
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।