সাংগঠনিক স্থগিতাদেশের সময়সীমা বাড়িয়েছে বিএনপি

বিএনপিদেশব্যাপী চলমান সব পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমের স্থগিতাদেশের সময়সীমা বাড়িয়েছে বিএনপি। রবিবার (১৯ এপ্রিল) দলের নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, করোনা মহামারির ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।
বিএনপি দফতর থেকে আগেই বলা হয়েছিল, গঠন ও পুনর্গঠন কার্যক্রম ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত থাকবে। তবে, করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতি এখনও অপরিবর্তিত থাকায় সাংগঠনিক কাজও স্থগিত থাকবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতিতে দলের সবচেয়ে অগ্রগণ্য বিষয় ত্রাণ কার্যক্রম। দলের সর্বস্তরের নেতাকর্মীরা এ কাজে যুক্ত আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’