‘সম্প্রতি সংসদে দাঁড়িয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক মিথ্যাচার যুদ্ধকালীন সময়ে একজন অদক্ষ সেনাপতির আচরণের সমতুল্য’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ইঙ্গিত করে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
লকডাউনে করোনা পরিস্থিতির ভয়াবহতা এবং দিন আনে দিন খায় শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবন-জীবিকার দিশেহারা অবস্থা তুলে ধরতে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন হয়।
মির্জা ফখরুল বলেন, ‘করোনা মহামারি একটা সর্বাত্মক যুদ্ধ। সরকার করোনা যুদ্ধে সুনির্দিষ্ট পরিকল্পনা তো নেয়নি বরঞ্চ তারা ব্যক্তিগত আচার আচরণ, হিংসা ছড়ানো ও বাগাড়ম্বরের মাধ্যমে জাতিকে ভয়াবহ বিভক্তির দিকে ঠেলে দিয়ে করোনা যুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের পরিবেশ বিনষ্ট করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই জাতীয় ঐক্যের মাধ্যমে একসঙ্গে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এই বৈশ্বিক মহামারি মোকাবিলার আহ্বান জানিয়েছিলাম এবং বিকল্প প্রণোদনা ও বাজেট বরাদ্দের প্রস্তাব করেছিলাম। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি।’