চন্দ্রিমা উদ্যানে গুলিবিদ্ধ বিএনপির ৩ নেতাকর্মী ঢাকা মেডিক্যালে

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি স্থলে ‘পুলিশের গুলিতে আহত’ বিএনপির তিন নেতাকর্মী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন সাবেক ফুটবলার ও বিএনপির ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান টগর (৪৫) এবং কর্মী আবুল কালাম আজাদ (৬২)। এ ছাড়া দলটির আরও ১৫-২০ জন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।

দলটির দাবি, মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ চন্দ্রিমা উদ্যানে পুলিশের শটগানের গুলিতে তারা আহত হন। পরে তারা ঢামেক হাসপাতারের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের মাথায় শটগানের গুলির আঘাত রয়েছে। 

ঢাকা মেডিক্যালে বিএনপির গুলিবিদ্ধ এক কর্মীঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে নিয়ে আসা ফারুক হোসেন জানান, জিয়ার মাজারে ফুল দিতে গেলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। এতে তারা আহত হন। ফারুক হোসেন মিয়াজি নামে একজন তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগরের বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসলে এ সংঘর্ষ হয়।