গণতন্ত্র উদ্ধারে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা শুধু একা বিএনপির সংগ্রাম নয়। এটা পুরো জাতির সংগ্রাম। এ থেকে উদ্ধার পেতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স (অ্যাব) আয়োজিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি তো আছেই, সাথে অন্যান্য রাজনৈতিক দল বা ব্যক্তি আছেন, সামাজিক দল আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কোনও দ্বিমত নেই। সবাই ঐকমত্য। আসেন আমরা গণআন্দোলন সৃষ্টি করি। বিনা নির্বাচনের সরকারকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। আমাদের নেতা যিনি আজকে নির্বাসিত আছেন তাকে দেশে ফিরিয়ে আনি। দেশকে মুক্ত করি।
আবরার হত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যা এই দেশের সামগ্রিক সংকটের একটা প্রতিচ্ছবি। বহু আবরার হত্যা হয়েছে। অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। এটা একটি সুদূরপ্রসারী আধিপত্যবাদী চক্রান্ত।
মির্জা ফখরুল দুঃখ প্রকাশ করে বলেন, পরিবর্তন আসে সব সময় তরুণ ও যুবকদের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা বাংলাদেশের তরুণ-যুবকদের সামনে দেখতে পাচ্ছি না। সেদিন যে তরুণ-সমাজ আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুসে উঠেছিল, দুঃখজনকভাবে আজকে তাদের কোনও কর্মসূচি আমি দেখলাম না।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) নেতৃবৃন্দসহ অনেকে।