রাজধানীর নাখালপাড়াস্থ দলের নিখোঁজ নেতা সুমনের বাসা থেকে বিএনপির অন্তত ৮/৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক অভিযোগ করেন, ‘আমাদের দলের নেতা নিখোঁজ সুমনের নাখালপাড়ার বাসা পুলিশ ঘেরাও করে রেখেছিল। আমরা এখানে এসেছি খালাম্মার (সুমনের মা) সঙ্গে দেখা করতে, দোয়া মাহফিল করতে। আমাদের দেড় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। পুলিশ আমাদের বেলা আড়াইটার দিকে অবরুদ্ধ করে রেখেছিল।
আমিনুল অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মীকেও আটক করেছে পুলিশ।
যদিও বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, শাহীনবাগ এলাকার একটি বাসা থেকে ৮ থেকে ৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।