বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সেখানে তো বিরোধী দলের কেউ মাঠে নাই। তারা তারাই (আওয়ামী লীগ)। তাদের নিজেদের মারামারিতে ৮৭ জন মৃত্যুবরণ করেছে। নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে।’ শুক্রবার (৫ নভেম্বর) ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যৌথভাবে এর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। এরপর ৭ নভেম্বর তার মরদেহ দেশে এনে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। তাকে ‘আপাদমস্তক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ’ অভিহিত করেন মির্জা ফখরুল। তাঁর জীবন-দর্শন অনুসরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুতফুর রহমান, যুবদলের সাইফুল আলম নিবর, প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, মুক্তিযোদ্ধা দলের শহিদুল ইসলাম চৌধুরী মিলন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার এবং মৎস্যজীবী দলের আবদুর রহিম।