নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হঠকারিতা করবেন না। অতীতে হঠকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো।’
সোমবার (২২ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আজ এই সমাবেশ প্রমাণ করেছে। এই সরকার ভয়ংকরভাবে আমাদের গণতন্ত্র সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের সমাবেশের জায়গা দেওয়া হয় না। সমস্ত জায়গা কেড়ে নেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বক্তব্য দেওয়ার কোনও অবকাশ নেই। এই সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবদিক থেকে ব্যর্থ হয়েছে। আমাদের সামনে এখন আর কোনও পথ নেই। একটি মাত্র পথ আছে সেটি হলো আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।’
সমাবেশে নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপির মহাসচি বলেন, ‘খালেদা জিয়া মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবে বিএনপি। এতে মুক্তি না হলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে।