সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের জনপ্রশাসন ও বিচার বিভাগে এক উজ্জ্বল জ্যোতিষ্ক বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মরহুম সাহাবুদ্দীন আহমদ জাতির বড় ধরনের সংকট ও অনিশ্চয়তা সামাল দিয়ে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতেন। চোখ-রাঙানিকে উপেক্ষা করে তিনি তার নিজস্ব আদর্শ ও কর্তব্যকর্মে অবিচল ও স্থির থাকতে পারতেন। ’৯০-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রজ্ঞা ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়েছিল। বিচারপতি হিসেবেও তিনি ছিলেন ন্যায়বিচারের পথিকৃৎ। সদালাপী ও নীতিবান মানুষ হিসেবে সর্বমহলে সুনাম ছিল তার।"

শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, এই বরেণ্য ব্যক্তির মৃত্যুতে জাতীয়তাবাদী দল-বিএনপি ও আমি গভীরভাবে শোকাহত। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।