স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করেছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। লাখো মানুষ-সৈনিক যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন। আমাদের লাখো মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে ৫০ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ৫০ বছর পর আমাকে বলতে হচ্ছে—যে স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। আজকের ক্ষমতাসীনরা বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে।’

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল জানান, আরেকটি মুক্তিযুদ্ধ করাই বিএনপির লক্ষ্য। তার মন্তব্য, এ যুদ্ধের মাধ্যমে দেশকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে চায় বিএনপি।

মির্জা ফখরুল বলেন, যিনি দীর্ঘ ৪০ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে। আমাদের প্রায় ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সামগ্রিক অর্থে এখন গোটা বাংলাদেশ নরকে পরিণত হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘এখান থেকে বেরিয়ে আসা, আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা আমাদের লক্ষ্য। আজ আমরা সেই শপথই গ্রহণ করছি। জনগণের ঐক্য গড়ে তুলে, জনগণের বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনা করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী  প্রমুখ।