দেশে ‘নিশ্বাস বন্ধ’ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ছয়শ’র বেশি নেতাকর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আজকে অন্যায়ভাবে অসুস্থ অবস্থায় গৃহে বন্দি করে রাখা হয়েছে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে।’
রবিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। রাজধানী বাড্ডার সাঁতারকুলের মাদানী এভিনিউতে গ্রিনভিল আউটডোরসে ঢাকা মহানগর উত্তরের সহস্রাধিক নেতাকর্মী ইফতারে অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সবার দম বন্ধ হয়ে আসছে, নিশ্বাস বন্ধ—এরকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক।’
এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ইফতারের পর তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা স্বজন ফিরে পাওয়ার আকুতি প্রকাশ করেন।
মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মীর নাসির, আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেন, আব্দুস সাত্তার, শায়রুল কবির খানসহ বিএনপি মহানগর উত্তরের নেতারা উপস্থিত ছিলেন।