আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে বিএনপির শোক

আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে ঢাকাস্থ দূতাবাসে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধরী। বৃহস্পতিবার (১৯ মে) গুলশান-২  আরব আমিরাতের দূতাবাসে গিয়ে এই শোক ও শোক বইতে স্বাক্ষর করেন আমির খসরু।

আমির খসরু বলেন, খলিফার মৃত্যুতে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। শোক বইতে স্বাক্ষর করতে এসেছি। বাংলাদেশ ও আরব আমিরাতে সম্পর্ক অনেক গভীর। অনেক দিনের সম্পর্ক। বিশেষ করে এই সম্পর্কটা স্থায়ী করার পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে তার মূল ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান।

এসময় আর উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।