বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের বারোটা বাজিয়েছে। আপনাদের (সরকারের) বারোটা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়লো। জিনিসের দাম বাড়লে শুধু ক্ষমতা দিয়ে সংসার চলে না।
বুধবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত গ্যাসসহ নিত্যপণের মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে এক সভায় বলেন, ৭ নভেম্বরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সেটাকে সরকারের লোকেরা বলতে চায় তাদের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিএনপি কারও দেহত্যাগে বিশ্বাস করে না। বিএনপির বিশ্বাস করে সরকারের পদত্যাগে।’
তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তির একটি অনুপ্রেরণা স্লোগান। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা বলছেন, আপনাদের নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা মারার হুমকি দেবো কেন। এ অভ্যাস আমাদের নেই, আপনাদের আছে। আমরা গণতন্ত্রের কথা বলছি।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘দেশটাকে বাঁচতে দিন, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন। মিথ্যা বলে, উপহাস করে, দেশের কী উন্নতি হবে?’
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।