ভোলায় দলীয় কর্মসূচি চলাকালে ‘পুলিশের গুলিতে’ নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা আবদুর রহিমের রক্তকে বৃথা যেত দিতে পারি না। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে এগিয়ে গিয়ে আরও গতিশীল আন্দোলন করতে হবে। এই সরকারকে পরাজিত করতে হবে।’
সোমবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গায়েবানা জানাজা পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক।
ফখরুল বলেন, ‘পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী সরকার জানান দিয়েছে, তারা গুলি করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু গুলি করে আন্দোলন দমানো যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করবো।’
তিনি বলেন, ‘বিনা উসকানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে। স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু তাই নয়, গুলি করে শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ দিয়ে গুলি বর্ষণ করে জানান দিয়েছে পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি বর্ষণ করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে কখনও ভয় করবে না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েও লড়বে তারা।’
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।