বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের কাজে ব্যস্ত সরকার: আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, দেশে জ্বালানি তেল নেই, বিদ্যুৎ অপ্রতুল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্য। দেশের মানুষ আছে চরম দুর্দশায়। জনগণের এই দুর্দশা লাঘবের কোনও চেষ্টাই সরকারের নেই। সরকার আছে শুধু বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের কাজে, এটা নিয়েই তারা ব্যস্ত।’

শুক্রবার (১১ নভেম্বর) বিকালে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি ও বংশাল থানা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্য রাখেন আবদুস সালাম।

আবদুস সালাম বলেন, ‘দেশের সব সংকট মোকাবিলা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হলে বর্তমান সরকারকে বিদায় করতে হবে। এদের বিদায় দিয়ে একটি নির্দলীয় এবং নিরপেক্ষ অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পাবে, তারাই সরকার গঠন করবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, লতিফুল্লাহ জাফরু, হাজী মোহাম্মদ নাজিম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আউয়াল আকন্দ প্রমুখ।