সরকারের বিরুদ্ধে সমগ্র দেশ আজ ঐক্যবদ্ধ দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, সমগ্র দেশ আজ ঐক্যবদ্ধ। অল্প সময়ের মধ্যে আমাদের বিভাগীয় সম্মেলনগুলো সফল হয়েছে। কোনও বাধাই জনগণকে আটকাতে পারেনি। তারা আজকে সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে 'আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।
বিএনপির রাজনীতি উৎপাদনমুখী দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, শহীদ জিয়া বলেছিলেন—এদেশের মাটি সোনার, পরিশ্রম করলে দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এদেশের মানুষ সুখে থাকতে পারবে। শিক্ষা, আবাসন এবং কর্মসংস্থানের মধ্য দিয়ে জনগণ নিজেরাই এদেশকে স্বাবলম্বী করতে পারবে।'
তিনি বলেন, 'আমাদের এক দফা আন্দোলন করতে হবে। তা হচ্ছে এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আজকে দেশের যে দুরবস্থা তা থেকে জনগণকে মুক্ত করতে পারলেই এটি হবে আমাদের সাফল্য।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, 'আওয়ামী লীগের চরিত্রের কিছু বৈশিষ্ট্য আছে। এদের প্রধান কাজ হলো জনগণের অধিকার হরণ করা। সবদিকের অধিকার—যেমন ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার। আপনি বিশ্লেষণ করে দেখেন, এদের কাজই হলো মানুষকে বেকার করা। এবং এক ধরণের স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করা। আওয়ামী লীগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুর্নীতি এবং দেশের সম্পদ লুটপাট করা।'
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম।