মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করছেন বিএনপির সিনিয়র নেতারা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বর্তমানে যারা গায়ের জোরে ক্ষমতায় আছে, যারা মানুষের ভোটাধিকার ও অর্থনীতিকে ধ্বংস করেছে; তাদের পক্ষে সুষ্ঠু পন্থায় গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতির সংস্কার সম্ভব নয়। তাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১০ দফা দাবি দিয়েছি, এই দাবি বাংলাদেশের সকল জনগণের।’
তিনি বলেন, এই ১০ দফা দাবি আদায়ে এই দেশের জনগণ নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন অথবা পদত্যাগ করিয়ে একটি নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার গঠন করে নতুন একটি নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।
এর আগে ঠিক ১১টায় বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করে। এই সময় জনসাধারণের উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর বিএনপির নেতাকর্মীরা চলে গেলে উদ্যান জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।