মানুষ দুবেলা পেটপুরে খেতে পারে না: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে এখন উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি। দেশের অর্থপাচার করে সব শূন্য করে দেওয়া হয়েছে। দেশের মানুষ আজ দুবেলা পেটপুরে খেতে পারে না। মধ্যবিত্ত গরিব হয়ে যাচ্ছে। সরকার নিজেদের ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে।

বুধবার (১৭ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মোশাররফ বলেন, ‘এ সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে যায় না। গত কয়েকদিন আগে একটি উপনির্বাচনে শুধু ১৪ শতাংশ ভোট পড়েছে। এতে বোঝা যায়, কেউ এ সরকারে অধীনে ভোট দিতে চায় না। এই সরকারের অধিনে আর কোনও ভোট হতে দেবো না। জনগণও তা হতে দেবে না।’

কূটনৈতিক ও হাইকমিশনারদের প্রটোকল প্রত্যাহার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘গত ৫১ বছরে দেশে এ ধরনের ঘটনা ঘটেনি। বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনও ফল পায়নি বলে সরকার এসব করছে। আপনারা সজাগ থাকুন। কোনও ষড়যন্ত্র বা ফাঁদে পা দেবেন না।’

সমাবেশ শেষ বিকাল সাড়ে ৩টার দিকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। উত্তর বাড্ডার শাহজাদপুরে সুভাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু করে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে পদযাত্রা শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন– বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, বিএনপি নেতা তাবিথ আউয়াল প্রমুখ।