খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন। এবার সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে ব্যর্থ হলে পরিস্থিতি খারাপ হবে। সরকারের উচিত টালবাহানা না করে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করা।
শনিবার (২৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি’ আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবদুল বাছিত আজাদ বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ওপর অন্য আরেকটি দেশের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে দেশের সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এর দায় সরকারকেই বহন করতে হবে।’
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশের অনেক ক্ষতি হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করুন। খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। অবিলম্বে জনগণের সব ন্যায্য দাবি মেনে নিন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল প্রমুখ।