মোড়ে মোড়ে লোক যুক্ত হচ্ছে বিএনপির পদযাত্রায়, সতর্ক অবস্থানে পুলিশ

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি ও সমমনা দলগুলো। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গাবতলী থেকে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই পদযাত্রায় যুক্ত হচ্ছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা।

পদযাত্রা শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যে মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কলেজের ভেতরে ককটেল ফাটানোসহ দুটি মোটরসাইকেল পোড়ানো হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে সতর্ক অবস্থানে পুলিশ

এদিকে যেকোনও বিশৃঙ্খলা এড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে সতর্ক অবস্থানে আছে পুলিশ। তারা রাস্তা দুটির মোড়ে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া জলকামান ও এপিসি যান দিয়ে পাহারায় আছে।

সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির আজকের পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে মিরপুর-১ ও ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কাওরানবাজার, এফডিসি হয়ে মগবাজারে প্রবেশ করবে। মগবাজার এলাকায় যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে দলটির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শাপলা চত্বরের দিকে যাবে। ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে বিকাল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রায় যুক্ত হওয়ার জন্য বিএনপির কর্মীদের অপেক্ষা

বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোও পদযাত্রা কর্মসূচিতে অংশ নিচ্ছে। রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আগারগাঁওয়ে বিএনপির পদযাত্রা (ছবি: শেরিফ আল শায়ার)

ছবি: জুবায়ের আহমেদ।