সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

ঢাকার প্রবেশমুখগুলোতে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’তে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের ‘হামলা এবং গ্রেফতার’-এর প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করছে বিএনপি। সোমবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে জনসমাবেশটি শুরু হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দেশের সব মহানগর ও জেলা শহরে এই জনসমাবেশ করছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে তা সম্ভব হয়নি। পরে বিকাল ৩টার দিকে ট্রাক দিয়ে বানানো অস্থায়ী মঞ্চে ওঠেন নেতারা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজনে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এছাড়াও মঞ্চে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ

দুপুরের দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, এরইমধ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন। তবে উপস্থিতি কিছুটা কম।

এদিকে বৃষ্টির কারণে অনেক নেতাকর্মী উদ্যানের বিভিন্ন ছাউনিতে গিয়ে দাঁড়ান। আর কিছু নেতাকর্মী বৃষ্টিতে ভিজেই মঞ্চের সামনে বসে স্লোগান দিতে থাকেন।

বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চের সামনে নেতাকর্মীরা

বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন। সমাবেশের পাশের সড়কের একপাশ আটকে দেওয়া হয়েছে। অন্য পাশ দিয়ে যান চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও আশপাশের অন্যান্য সড়কে তেমন যানজট দেখা যায়নি।

আরও পড়ুন:

‘দণ্ডপ্রাপ্ত আসামি’র বক্তব্য প্রচার না করার শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি