বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকাসহ সব মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচি পালন করবে বিএনপি।
মঙ্গলবার (১৫ আগস্ট) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিবৃতিতে একথা জানানো হয়। গণমিছিল ছাড়াও স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় আরও কিছু কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে।
দলটির কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আগামী ১৬ আগস্ট সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া ও মাহফিলের আয়োজন করা হবে। বিএনপির চেয়ারপারসনের অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ আগস্ট সারা দেশে লিফলেট বিতরণ ও ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে দলের মহাসচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।