বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিব রিজভী বলেছেন, সরকার সুষ্ঠু নির্বাচন না দিয়ে আবারও একতরফা বা নিশিরাতের নির্বাচনের একটি গভীর চক্রান্তের মধ্যে লিপ্ত আছে। এ কারণেই তারা বলছে, তলে তলে আমাদের আপস হচ্ছে। তলে তলে আপস করেন আর যাই করেন, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, তলে তলে তলিয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন বরিশাল বিভাগ আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রুহুল করিব রিজভী বলেন, প্রধানমন্ত্রী এখন বলছেন বাংলাদেশের নির্বাচন-রাজনীতি নিয়ে বিদেশিদের এত মাথাব্যথা কেন? ক্ষমতায় থাকার জন্য আপনার (প্রধানমন্ত্রী) যে মাথাব্যথা, এজন্য দেশের মানুষ আপনাকে যে প্যারাসিটামল দিচ্ছে, সেই প্যারাসিটামল খেয়েও আপনার কিছু হচ্ছে না। এখন বিদেশি কোনও প্যারাসিটামল আপনাকে দেওয়া যায় বা সেবন করানো যায়, তাহলে দেখা যাক কী পরিস্থিতি হয়। এটাতে আপনি কেন এত বিচলিত বোধ করছেন? প্যারাসিটামল তো আপনার লাগবে। কারণ, আপনি সবসময় আতঙ্কে আছেন, সংশয়ে আছেন এই বুঝি গদি গেলো।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই তার (প্রধানমন্ত্রী) মাথাব্যথা চরমভাবে শুরু হয়। এই ব্যথা কমানোর মতো কোনও ওষুধ পাওয়া যাচ্ছে না। জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন, তাহলে আপনার মাথাব্যথা কমে যাবে। কিন্তু তিনি এতে কর্ণপাত না করে বিদেশিদের মাথাব্যথা নিয়ে চিন্তা করছেন।
রিজভী বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকার নিদর্শন অতীতে নেই। জনগণের শক্তির কাছে আপনার (প্রধানমন্ত্রী) পরাজয় হবেই। আপনি আজ দুর্বল বলেই নানা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি এক দেশ ছেড়ে আরেক দেশকে ভালো বানানোর চেষ্টা করছেন। কিন্তু কোনও লাভ নেই। কারণ, নিজের দেশের জনগণ যার পক্ষে থাকে না, সে কখনোই টিকে থাকতে পারে না।
জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন-বরিশাল বিভাগের সভাপতি অ্যাডভোকেট আলী আসগর ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম প্রমুখ।
আরও পড়ুন-
তলে তলে যে বলি সেটা পাবলিক খায়, সেজন্যই তো বলি খেলা হবে: কাদের