আওয়ামী লীগ নেতারা উসকানিমূলক কথা বলছেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে, শান্তিপূর্ণভাবে সরকারের পতন ঘটাতে চাই।’
শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এতকিছুর পরেও ইতোপূর্বে আমরা অনেক কর্মসূচি পালন করেছি। এর আগেও রেইড দিয়েছে, গ্রেফতার করেছে, মারপিট করেছে, মেরেও ফেলেছে গুলি করে। তারপরও আমরা আমাদের জায়গা থেকে সরিনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে শান্তিপূর্ণভাবে সরকারের পতন ঘটাতে চাই। তবে ক্ষমতাসীন দল কোনও ধরনের বাড়াবাড়ি করলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
লগি-বইঠা আওয়ামী লীগের কালচার মন্তব্য করে তিনি বলেন, 'আর লাঠির কথা বলছে‑ এগুলো উসকানিমূলক৷ একদিকে তাদের প্রধান একরকম কথা বলছেন, আরেক দিকে তারা পুরো জনগণকে জিম্মি করে ফেলেছে- তাদের এই দমন নীতি দিয়ে। আমরা কোনও উসকানি দিচ্ছি না।'
সমাবেশস্থল নিয়ে পুলিশের অনুমতির বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, 'আমরা শেষ পর্যন্ত দেখবো। তারপর না হয় আমাদের যেভাবে সভা করার দরকার- আমরা তো বলেছি আমরা নয়াপল্টনেই করতে চাই। এটা আমরা চিঠি দিয়েছি। খোলাখুলিভাবে বলেছি।
পুলিশের সহযোগিতা নয়, নিজেরাই সমাবেশের আয়োজন করছি জানিয়ে তিনি বলেন, 'আমরা আমাদের অধিকার প্রয়োগ করবো।'
সরকার পুলিশ দিয়ে বারবার শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আগামীকাল ২৮ তারিখ শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। কিন্তু ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই সরকার অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনে আগ্রহী নয়। তাই সারা দেশে একটা ত্রাস তৈরি করে আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।