বিএনপির ‘খালি’ কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

আটক দলীয় নেতাকর্মীদের মুক্তি ও সরকার পদত্যাগের এক দফা দাবিসহ অন্যান্য দাবিতে বিএনপি সারা দেশে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা এই অবরোধ কর্মসূচি পালন করলেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের কোনও অবস্থান বা বিক্ষোভ করতে দেখা যাচ্ছে না। বরং তাদের কার্যালয়ের কলাসিবল গেইট তালা দিয়ে বন্ধ করে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

গত ২৭ অক্টোবর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এর মাঝে বিএনপি একদিনের হরতালসহ তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। মাঝে দুইদিন বিরতি দিয়ে আজ রবিবার (৫ নভেম্বর) থেকে আবারও টানা দুই দিনের অবরোধ কর্মসূচি পালনের উদ্দেশ্যে রাস্তায় নেমেছে। তবে এদিনও দলীয় কার্যালয়ের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।

রবিবার (৫ নভেম্বর) নয়া পল্টন এলাকা ঘুরে দেখা যায় সকালে কাঁটাতারের ব্যারিকেডসহ পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যারিকেড সরিয়ে নিয়ে পাশে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল (৪ নভেম্বর) মতিঝিলে আওয়ামী লীগের সমাবেশের কারণে বাড়তি সতর্কতার জন্য কার্যালয়ের সামনে তিন দিকে এসব ব্যারিকেড বসানো হয়েছিল। 

এছাড়া কার্যালয়ের সামনের ‍ফুটপাত দিয়েও পথচারীদের যেতে দেওয়া হচ্ছে না। তাদের ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে বলা হচ্ছে। এই সড়কের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় জনসাধারণের ভিড়ও প্রায় শূন্য। কেবল পথচারীদের এই সড়ক দিয়ে চলাচল করা ছাড়া অন্য কোনও  কাজে এই এলাকায় কাউকে আসতে দেখা যায়নি।

রাজধানীতে জুড়ে আজ গণপরিবহনসহ অন্যান্য যানবাহন সামান্য চলাচল করলেও, বিএনপির কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যান চলাচলের সংখ্যা ছিল একেবারেই কম। কিছু সংখ্যক সিএনজি, রিকশা নয়াপল্টন এলাকায় মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা গেছে।