দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনও গুরুত্ব বহন করে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মনোনয়ন দাখিলের দিনই নির্বাচন হয়ে গেছে।
বুধবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তোপখানা রোডসহ আশপাশ এলাকায় লিফলেট বিতরণ করেন কৃষকদলের নেতাকর্মীরা।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ এই নির্বাচন বর্জন করেছে। কারণ, এ দেশে সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণের ইচ্ছার কোনও প্রতিফলন হয় না। ইতোমধ্যেই বিশ্বের প্রতিটা দেশ বলে দিয়েছে, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সেটা কোনও নির্বাচন নয়।’
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন জন্য বিএনপি আন্দোলন করে আসছে জানিয়ে মঈন খান বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করবো কিন্তু শান্তি ভঙ্গ করবো না। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।’
সমাবেশে আরও ছিলেন– কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।