বিএনপি ঘোষিত ছয় দিনের কর্মসূচির শেষ দিন আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি)। এ দিন সকাল থেকে সারা দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচারণাপত্র বিলি করেছে দলটির তৃণমূলের নেতাকর্মী ও অনুসারীরা।
গত ১১ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছয় দিনের কর্মসূচি দেন। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে– ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সব মহানগরে লিফলেট বিতরণ; ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে মসজিদে দোয়া মাহফিল; ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ।
সোমবার নতুন করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছয় দিনের লিফলেট বিতরণ কর্মসূচির আজ শেষ দিন গেছে। সারা দেশের মধ্যে বিকাল পর্যন্ত যশোর সদর উপজেলা; সিলেট দক্ষিণ সুরমা উপজেলা; ঝিনাইদহ পৌর কমিটি; পাবনা সদর উপজেলা; বরগুনা সদর উপজেলা; পাবনা বেড়া উপজেলা; গাজীপুর কোনাবাড়ি থানা; হিজলা উপজেলা; মঠবাড়িয়া উপজেলা; সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপিসহ অর্ধশতাধিক উপজেলা, শতাধিক ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণের খবর পাওয়া গেছে।
তিনি উল্লেখ করেন, ডামি নির্বাচনের ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি; ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, সাত জানুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো লিফলেট বিতরণ হয়েছে তৃণমূলে। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যেও চাঙ্গাভাব দেখা গেছে।