আসুন, আমরা মানবিক হই: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কিছু আবেদন জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আজ বিশ্ব মা দিবসে শেখ হাসিনাকে বলবো, বার বার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর আচরণ করবেন না। তাকে মুক্তি দিন। তার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেবেন না।’

রবিবার (১২ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী উল্লেখ করেন, ‘পাকিস্তান আমল বা ব্রিটিশ শাসনামলেও এ দেশের রাজনৈতিক বন্দিদের প্রতি এমন বর্বর আচরণ করা হয়নি। আপনার চেয়ে ব্রিটিশরাও অনেক মানবিক ছিল। অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে মানবিকতা, সভ্যতা, ভদ্রতা, ন্যায়নীতি আর বিসর্জন দেবেন না।’

তিনি বলেন, ‘আজ রবিবার বিশ্ব মা দিবস। বাংলাদেশের মানুষের সবচেয়ে আপনজন, খালেদা জিয়া খুবই অসুস্থ। অবর্ণনীয় কষ্টে আছেন তিনি। উপযুক্ত চিকিৎসা বঞ্চিত এই মাকে অতি জরুরি সুচিকিৎসার জন্য বিদেশেও যেতে দিচ্ছেন না শেখ হাসিনা।’

ক্ষমতা ও মানুষের জীবন স্থায়ী নয় উল্লেখ করে বিএনপিনেতা রিজভী বলেন, ‘সময় অসময়ে পরিণত হতে সময় নেয় না! কারও মৃত্যু ঘটানোর চেষ্টা করা আমাদের ধর্মে মহাপাপ হিসেবে গণ্য। প্রকৃতির বিচার খুবই মারাত্মক এবং অনিবার্য। যার যার কর্মের প্রাপ্তি প্রকৃতি থেকে আপনাআপনিই নেমে আসবে।’

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, ‘আসুন, আমরা মানবিক হই। ঘৃণার পরিবর্তে ভালোবাসতে শিখি। মানুষের জন্য, সমাজের জন্য ঘৃণার রাজনীতি থেকে অবসর নেই। বাংলাদেশের মানুষের মা খালেদা জিয়াকে মুক্তি দিন।’