সীমান্তজুড়ে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান বিএনপির

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনার তাবেদার সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজিরের মতো দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে-বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান-গৌরব-ইমেজ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে স্বৈরাচারী সরকার যেভাবে র‌্যাবকে ব্যবহার করেছে, দেশ এবং জনগণের স্বার্থে এই ঘাতক বাহিনীতে এই মুহূর্তে আর কোনও সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং অবিলম্বে বন্ধ হওয়া জরুরি।’

রবিবার (১৬ জুন) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

এসময় দলের পক্ষ থেকে ‘অবিলম্বে সীমান্তজুড়ে সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানান রিজভী।

‘দেশের রাজনীতি, অর্থনীতি, ন্যায়নীতি, নৈতিকতা, ধর্মীয়, সামাজিক মূল্যবোধ সবক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে’ উল্লেখ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার অবৈধ ক্ষমতালিপ্সার কারণে চরম বিপর্যয়ে দেশ এবং জনগণ। দেশের এমন চতুর্মুখী সংকটকালে আর বসে থাকার সময় নেই।’

‘খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা। স্বাধীনতার পতাকার মর্যাদা রক্ষা করতে চাইলে, তাবেদার অপশক্তির কাছ থেকে দেশ উদ্ধার করার বিকল্প নেই। অন্যথায়, সেদিন আর বেশি দেরি নয়, যেদিন আমাদেরকে হয়তো মাতৃভূমিতেই ফিলিস্তিনিদের ভাগ্যবরণ করতে হবে।’ বলে দাবি করেন রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং প্রমুখ।